২০২৬ সালের মধ্যে দেশজুড়ে ৫জি

১৬ অক্টোবর, ২০১৯ ১৯:৪৭  
ফাইভজি নেটওয়ার্কের খসড়া রোডম্যাপ তৈরি করেছে সরকার। রোডম্যাপ অনুযায়ী, ২০২১ সালের শুরুতে ঢাকায় ফাইভজি চালু করা হবে। একই বছরে দেশের সবগুলো বিভাগেই ৫জি সেবা সম্প্রসারণ করা হবে। ২০২২ সালের মধ্যে ৫০ শতাংশ জেলা শহরে,  ২০২৩ সালের মধ্যে সব জেলা শহর এবং ২০২৬ সালের মধ্যে সব উপজেলা, গ্রোথ সেন্টার বা বড় হাটবাজার, বিশ্বরোড ও রেলে ফাইভজি সেবা দেয়া হবে। অবশ্য তার আগে ২০২০ সালের প্রথম প্রান্তিকে ফাইভজি নীতিমালা চূড়ান্ত হবে। দ্বিতীয় প্রান্তিকে সরকারের অনুমোদন এবং তৃতীয় প্রান্তিকে অপারেটরগুলোকে স্পেকট্রাম দেওয়া হবে । চতুর্থ প্রান্তিকের মধ্যে দেওয়া হবে লাইসেন্স। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ৫জি’ শীর্ষক সেমিনারে এই খসড়া রোডম্যাপ উপস্থাপন করেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির স্পেকট্রাম বিভাগের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম। এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, স্পেকট্রাম বিভাগের কমিশনার মো. আমিনুল হাসান, গ্রামীণফোনের এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার রেদোয়ান হাসান খান, এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম, হুয়াওয়ে বাংলাদেশের সিটিও জেরি ওয়াং সু প্রমুখ উপস্থিত ছিলেন।